মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থনীতি

হিলি ইমিগ্রেশন দুই বছর ধরে বন্ধ, বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২২

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গত দুই বছর ধরে বন্ধ রয়েছে। এ কারণে বাংলাদেশ থেকে ভারতে যেতে পারছেন না পাসপোর্টযাত্রীরা। এতে বিপাকে পড়েছেন চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসহ নানান কাজে ভারতে যেতে চাওয়া ব্যক্তিরা।

বাড়তি টাকা খরচ করে বিকল্প পথে ভারতে যেতে হচ্ছে তাদের। কিন্তু এই পথ দিয়ে যাত্রী গ্রহণ করছে না ভারত। ফলে পাসপোর্ট-যাত্রীরা ভারতে যেতে পারছেন না। ভারতে যাওয়া বন্ধ থাকায় যাত্রী প্রতি ৫০০ টাকা করে যে ভ্রমণ কর পেতো সরকার, তা থেকে বঞ্চিত হচ্ছে দুই বছর ধরে। আগে এই পথ দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৮০০ পাসপোর্ট-যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করতেন।

ভারতে চিকিৎসা নেওয়া স্থানীয় বাসিন্দা আতিয়ার রহমান, নার্গিস বেগম, মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন পাসপোর্ট-যাত্রী জানান, আশপাশের কয়েক উপজেলার মানুষ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসাসহ নানান কাজে ভারতে যাতায়াত করেন। কিন্তু করোনার অজুহাতে দীর্ঘদিন ভারতে যেতে পারছি না। এতে আমাদের রোগ জটিল হচ্ছে। বিশেষ করে আমরা যারা আগে ভারতে চিকিৎসা নিয়েছি, তাদের ওষুধ ফুরিয়ে যাওয়ায় নতুন ওষুধ কিনতে পারছি না। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শও নিতে পারছি না। এতে আরও অসুস্থ হয়ে পড়ছি।

হিলি স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, দীর্ঘদিন ধরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। এই কারণে আমরা সমস্যায় পড়েছি। বিভিন্ন সময়ে পণ্য আমদানি করে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছি না।

তিনি আরও জানান, পণ্যের দাম ও মানের বিষয়ে নিজেরা অথবা আমাদের প্রতিনিধিদের পাঠিয়ে মান নিশ্চিত করতে হতো। কিন্তু দুই বছর ধরে সেটি করতে পারছি না। যাতায়াত বন্ধের কারণে অনেক খারাপ পণ্য ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানি করছেন। সরকারের কাছে অনুরোধ, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট-যাত্রী যাতায়াত চালু করা হোক।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, করোনার সংক্রমণ বেড়ে গেলে ২০২০ সালের ২৩ মার্চ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। করোনার সংক্রমণ কিছুটা কমলে ১৪ মাস পর গত ২০২১ সালের ১৬ মে কার্যক্রম শুরু হয়। এতে যারা বিমান ও অন্যান্য বন্দর দিয়ে ভারতে গেছেন তারা শুধুমাত্র ভারত থেকে পাসপোর্ট-যাত্রীরা বাংলাদেশে ফিরতে পারছেন। কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারছেন না। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করতে অনীহা প্রকাশ করায় যাতায়াত শুরু হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করলেই যাতায়াত শুরু হবে। তবে তারা এখনও যাত্রী গ্রহণের বিষয়ে আমাদের কিছুই জানায়নি।

ভ্রমণ ভিসায় ভারত ভ্রমণ, আবারো স্থলপথে যাতায়াত শুরু
স্মার্টফোন চার্জের বিস্ময় : ভিভো’র ‘ভিইজি’ প্রযুক্তি

আপনার মতামত লিখুন