বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

তুরস্কে আন্তর্জাতিক ইমাম-খতিব সম্মেলনে বাংলাদেশের দুই আলেম

নিজস্ব প্রতিবেদক
০৬ আগস্ট ২০২৬

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (আইইউএমএস)-এর উদ্যোগে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইমাম-খতিব সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই আলেম শায়েখ জামাল উদ্দীন ও মুফতি আহমাদ শাওকি আফিফি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) তুরস্কের ত্রাবজোন শহরে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত চলা এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ইমাম, খতিব, আলেম ও ইসলামী চিন্তাবিদেরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে সমসাময়িক দাওয়াহ কার্যক্রম, জুমার খুতবা, মুসলিম সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের ইমাম ও খতিবদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হবে।

শায়েখ জামাল উদ্দীন দেশের একজন পরিচিত আলেম ও ইসলামী বক্তা। তিনি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল-এ কুরআন শিক্ষা বিষয়ে প্রশিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন। সহজ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের কাছে কুরআন শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য তিনি পরিচিত।

অন্যদিকে মুফতি আহমাদ শাওকি আফিফি আলেম, আরবি সাহিত্যিক ও গবেষক। তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স-এর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আন্তর্জাতিক পরিসরে ইসলামী গবেষণা, দাওয়াহ ও বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের ইমাম ও খতিবদের মধ্যে সমসাময়িক বাস্তবতা নিয়ে মতবিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হবে।

যে মানুষটি শহরে গ্রাম খুঁজে বেড়ান
আহত মানসিক ভারসাম্যহীন নারীর পাশে ছাত্রদল নেতা মেহেদী হাসান

আপনার মতামত লিখুন