নোয়াখালীর সুবর্ণচরে গুরুতর আহত এক মানসিক ভারসাম্যহীন নরীর চিকিৎসায় মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান। চিকিৎসার সংকটময় মুহূর্তে তার তাৎক্ষণিক পদক্ষেপে আহত নারীকে দ্রুত উন্নত চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়।
জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়ন ছাত্রদলের কর্মী আল আমিন ফোনে মেহেদী হাসানকে জানান, এক মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত অবস্থায় চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। খবর পেয়ে বিলম্ব না করে তিনি সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।
হাসপাতালে পৌঁছে আহত ব্যক্তির অবস্থা দেখে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর প্রয়োজন হলে সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় সময় নষ্ট না করে নিজ উদ্যোগে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। এতে আহত ব্যক্তিকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হয়।
এ সময় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করেন। তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, "মানবতার সেবাই সবচেয়ে বড় দায়িত্ব। অসহায় একজন মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পাবেন, সেটা মেনে নেওয়া যায় না। খবর পাওয়ার পর শুধু একজন মানুষের দায়িত্ববোধ থেকেই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।"
স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা মনে করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষও এ ধরনের মানবিক কাজে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
স্থানীয়দের ভাষায়, "মানুষ মানুষের জন্য" এই চিরন্তন বার্তার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন মেহেদী হাসান। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে এবং মানবিক কাজে অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন